উল্লাপাড়া সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাস্তা ও ড্রেনেজ নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। স্থানীয়দের কাছ থেকে এমন অভিযোগ পাওয়ার পর সরেজমিন নির্মাণকাজ পরিদর্শন করেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। সোমবার সকালে উল্লাপাড়া বাজার থেকে শ্যামলীপাড়ামুখী সড়ক ও ড্রেনেজ নির্মাণকাজ পরিদর্শনে যান তিনি। এ সময় সড়কের বিভিন্ন অংশ, নির্মাণাধীন ড্রেন এবং কাজের ব্যবহৃত উপকরণ ও নির্মাণ কার্যক্রম ঘুরে দেখেন সংসদ সদস্য। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে তাঁদের অভিযোগ ও সমস্যার কথা শোনেন। স্থানীয় ব্যবসায়ীরা সড়ক ও ড্রেনেজ নির্মাণ কাজের মান, নির্মাণ পদ্ধতি এবং কাজ বাস্তবায়নের বিভিন্ন বিষয়ে সংসদ সদস্যের কাছে অভিযোগ করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্য রফিকুল ইসলাম খান বলেন, বিভিন্ন মানুষের কাছ থেকে এই উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ পেয়ে সরেজমিনে দেখতে দেখতে এসেছি। অভিযোগের সত্যতাও পাওয়া গেছে। কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। জনগণের অর্থে বাস্তবায়ন করা কোনো প্রকল্পে অনিয়ম, দুর্নীতি কিংবা নিম্নমানের কাজ বরদাশত করা হবে না। এসময় নির্ধারিত নকশা, নিয়ম ও মানদণ্ড অনুসরণ করে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তিনি।