যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জের মহাসড়কে পুলিশের টহল পিকআপের পাশেই কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিলের পরই ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ থানা পুলিশের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এরআগে বুধবার ভোরে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় মহাসড়কে ব্যানার হাতে মিছিল করেন যুবলীগের নেতাকর্মীরা। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও দত্তবাড়ি মহল্লার মো. লিটন শেখ (৪৫), একই মহল্লার ছাত্রলীগের কর্মী সাইদুল ইসলামের ছেলে ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ (৩৮) চক কোবদাসপাড়া এলাকার শওকত আলী শেখের ছেলে যুবলীগের কর্মী চান শেখ (৪৫) ও সয়দাবাদ ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি কোরবান আলী (৩৩)।
সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। গ্রেপ্তারদের মধ্যে লিটন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ সোহানুর রহমান রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত আসামী এবং ইউনুস আলী নিশাত ওরফে আগুন শেখ ও চান শেখ একই মামলার তদন্তে প্রাপ্ত আসামী। বৃহস্পতিবার তাদের আদালতের
মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
অপরদিকে, কামারখন্দ থানার ওসি হাশমত আলী বলেন, যুবলীগ নেতা কোরবান আলীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।