কাজিপুর সংবাদদাতা :
নানা আয়োজনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বি এ হ্যান্ড ওয়াশিং হিরো’ (হাত ধোয়ার নায়ক হোন)।
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কাজিপুরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, ডা. মিনহাজুস সালেকীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান এবং আরডি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম সাহা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সাজ্জাদুল ইসলাম সবুজ।
কর্মসূচির অংশ হিসেবে ছাত্রীদের মধ্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের সামনে হাত ধোয়ার সঠিক নিয়ম ও কলাকৌশল প্রদর্শন করা হয়। এ সময় সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়।