চৌহালী সংবাদদাতা:
দেশীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিতকরণে সিরাজগঞ্জের চৌহালীতে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) রাতে চৌহালী উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের যৌথ উদ্যোগে চৌহালী নৌঘাট থেকে বাঘুটিয়া, উমারপুর ও ঘোরজান ইউনিয়নের যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়।
অভিযানকালে আনুমানিক ৬০ হাজার মিটার ক্ষতিকর ও অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরবর্তীতে নদী তীরবর্তী জনসাধারণ ও স্থানীয়দের উপস্থিতিতে জোতপাড়া নৌঘাট এলাকায় জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রকিবুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে মৎস্য দপ্তরের জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফি ও চৌহালী থানা পুলিশ উপস্থিত ছিল।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে চৌহালী থানা পুলিশ সহায়তা প্রদান করে। এ বিষয়ে মৎস্য কর্মকর্তা মো. রকিবুল ইসলাম জানান, অবৈধ জালের ব্যবহার দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীবনের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। ক্ষতিকর এসব জালের হাত থেকে দেশীয় মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষায় উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগের এ ধরনের অভিযান ও তদারকি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া অভিযানে জব্দকৃত ৩০ কেজি মাছ স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।