শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

রায়গঞ্জে কৃষকের সন্তান রনি হলেন বিসিএস ক্যাডার

  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ২.৪২ পিএম

রায়গঞ্জ সংবাদদাতা:

কৃষক বাবার সন্তান রনি আহমেদ রাসেল ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঝাপড়া কাজিপুর গ্রামের এই তরুণ বিসিএসে ১০৭তম মেধাক্রম অর্জন করেছেন। সীমিত আর্থিক সামর্থ্যের মধ্যে বেড়ে ওঠা রনির এ সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দের জোয়ার বইছে। রনির বাবা ফজলুল হক একজন কৃষক। কৃষিকাজ করে তিনি সংসার চালান। মা মোছা. আজমিয়ারা বেগম। আর্থিক সীমাবদ্ধতা থাকলেও সন্তানদের পড়াশোনা চালিয়ে যেতে সর্বোচ্চ চেষ্টা করেছেন এই দম্পত্তি। বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের অনুপ্রেরণা এবং নিজের অকান্ত পরিশ্রম রনিকে এ সাফল্যের পথে এগিয়ে নিয়েছে। রনি ২০১৫ সালে ঝাপড়া কাজিপুর আব্দুল মান্নান উচ্চবিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি এবং ২০১৭ সালে সরকারি আজিজুল হক কলেজ থেকে একই বিভাগে এইচএসসি পাস করেন। এরপর ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদ থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। পরে একই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগ থেকে মাস্টার্স ইন মেডিসিন ডিগ্রি নেন। পড়াশোনা শেষে কর্মজীবনেও এগিয়ে যান রনি। বর্তমানে তিনি জয়পুরহাট সদর উপজেলার হাটিল শাখা সোনালী ব্যাংক পিএলসির অফিসার (জেনারেল) হিসেবে কর্মরত রয়েছেন। পাশাপাশি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির অফিসার (ক্যাশ) পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছেন তিনি।

নিজের সাফল্যের গল্প বলতে গিয়ে রনি আহমেদ রাসেল বলেন, এই অর্জনের পেছনে বাবা-মায়ের ত্যাগ, পরিবারের সহযোগিতা, শিক্ষকদের অনুপ্রেরণা এবং নিজের প্রতি বিশ্বাস সবচেয়ে বেশি কাজ করেছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও বাবা-মা আমাকে পড়াশোনা চালিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রনি বলেন, ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ভবিষ্যতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করতে চাই।

ছেলের সাফল্যে আনন্দিত বাবা ফজলুল হক বলেন, কৃষিকাজ করে কষ্ট করে ছেলেকে পড়াশোনা করিয়েছি। ছেলে আজ বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছে এটাই আমাদের সবচেয়ে বড় আনন্দ। ছেলের জন্য সবাই দোয়া করবেন।

 

মা মোছা. আজমিয়ারা বেগম বলেন, ছেলের পড়াশোনার জন্য আমরা অনেক কষ্ট করেছি। তার এই সাফল্যে আমাদের সব কষ্ট সার্থক হয়েছে। আল্লাহ যেন তাকে ভালো রাখেন এবং মানুষের সেবা করার তৌফিক দেন।

রনির এই অর্জনে আনন্দিত তাঁর শিক্ষক, স্বজন ও এলাকাবাসী। তাঁদের মতে, কৃষক পরিবারের সন্তান হয়েও অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তাঁর এ সাফল্য এলাকার তরুণদের জন্য অনুপ্রেরণা জোগাবে।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা