মোঃ শাহান আলী, শাহজাদপুর সংবাদদাতা:
‘সুস্বাস্থ্য সবার অধিকার, জনসেবা রূপান্তরের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের শাহজাদপুরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচির আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ৫৭ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। পাশাপাশি কয়েকজনকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা দেওয়া হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পোরজনা ইউনিয়নের উল্টা ডাব বাজার এলাকায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রূপান্তরের উদ্যোগে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পের উদ্বোধন করেন সংগঠনটির আহ্বায়ক রাতুল বিন হোসেন।
ক্যাম্পে সৌজন্য সহযোগিতা করে অ্যাপোলো জেনারেল হাসপাতাল। এ সময় বিশেষজ্ঞ চিকিৎসক ফারুক আহমেদ রানা রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন।
অনুষ্ঠানে রূপান্তরের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, কার্যনির্বাহী সদস্য আতিক, সেতু ও নাঈমসহ হাবিবুল্লাহ নগর ইউনিয়ন শাখার আহ্বায়ক মোহাম্মদ আলী এবং সদস্যসচিব নাঈম হোসাইন উপস্থিত ছিলেন।
রূপান্তরের আহ্বায়ক রাতুল বিন হোসেন বলেন, “আমরা সমাজের জন্য কিছু করতে চাই। এ এলাকার মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। যার যার অবস্থান থেকে সমাজ ও দেশের জন্য সবারই কিছু করা উচিত।”
তিনি আরও বলেন, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজের কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে রূপান্তরের এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।