শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

৭০ উদ্যোক্তার স্টলে দেশীয় পণ্য ও হস্তশিল্পের পসরা

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২.৩৫ পিএম

যমুনার কথা প্রতিবেদক 

উল্লাপাড়ায় গ্রামীণ ঐতিহ্য ও সংস্কৃতির ছোঁয়া নিয়ে জমে উঠেছে শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬। স্থানীয় মার্চেন্টস পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উল্লাপাড়া বণিক সমিতির উদ্যোগে আয়োজিত এই মেলার বৈশিষ্ট্য হলো– এখানে কোনো জুয়ার আসর, হাউজি কিংবা লটারির আয়োজন রাখা হয়নি।

জুয়ামুক্ত এই ব্যতিক্রমী মেলাটি স্থানীয়দের মধ্যে দারুণ সাড়া ফেলেছে। জেলা চেম্বার অব কমার্সের সহসভাপতি আব্দুল কাদের শেখ প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। সকালের দিকে মেলায় দর্শনার্থী কিছুটা কম থাকলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে নানা বয়সী মানুষের পদচারণায়। নারী-পুরুষ ও শিশু-কিশোরদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় মোট ৭০ জন উদ্যোক্তা তাদের স্টল সাজিয়ে বসেছেন। এসব স্টলে স্থান পেয়েছে উদ্যোক্তাদের হাতে তৈরি পোশাক, পাটের তৈরি ছিকা, হস্তনির্মিত ব্যাগ, শিশুদের আকর্ষণীয় পোশাক, মাটির খেলনা এবং মেয়েদের প্রসাধনী সামগ্রী ও ধাতব গহনা। এ ছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে বেশ কিছু রোমাঞ্চকর রাইড।

মেলায় ঘুরতে আসা শিক্ষার্থী পনামিকা রানী কুণ্ডু, ধনিষ্ঠা সরকার ও জামিউল ইসলাম জানায়, আগে এমন মেলা দেখতে সিরাজগঞ্জ জেলা শহরে যেতে হতো। এবার ঘরের কাছেই বাণিজ্য মেলা হওয়ায় প্রতিদিন বিকেলে বন্ধুরা মিলে রাইডে চড়ে বেশ আনন্দ উপভোগ করছে তারা।

স্থানীয় শিক্ষক জহুরুল ইসলাম ও জয়নাল আবেদীন সন্তোষ প্রকাশ করে জানান, বিগত দিনে যে কোনো মেলা মানেই জুয়ার আসর আর যুবকদের বিপথগামিতা ছিল। এবারই প্রথম সম্পূর্ণ জুয়াবিহীন ও পরিচ্ছন্ন মেলা আয়োজিত হওয়ায় এটি নতুন প্রজন্মের জন্য অত্যন্ত শিক্ষণীয় ও আনন্দদায়ক হয়েছে।

উল্লাপাড়া বণিক সমিতির সভাপতি নিকসন কুমার আমিন জানান, স্বাধীনতার পর উল্লাপাড়ায় এই প্রথম জুয়াবিহীন মেলার আয়োজন করা হয়েছে। জুয়া না থাকলেও প্রতিদিন শত শত দর্শনার্থী মেলায় আসছেন। দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ ও স্থানীয়দের সুস্থ বিনোদন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ১৫ নভেম্বর পর্যন্ত মেলা চলমান থাকবে।

উল্লাপাড়া মডেল থানার ওসি মো. মেহেদী হাসান জানান, জুয়া বা লটারিমুক্ত এমন শিল্প ও বাণিজ্য মেলা সত্যিই ব্যতিক্রমী। মেলায় প্রচুর লোকসমাগম হলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা পুলিশের পক্ষ থেকে প্রতিদিন রাতে নিয়মিত টহল ও বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা