যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জের এনায়েতপুরে বসতবাড়ির শয়নকক্ষে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ২০ লিটার মদ উদ্ধার করেছে থানা পুলিশ। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য ৫০ হাজার টাকা। এ ঘটনায় মোছা. রওশনারা বেগম (৪০) ও মো. রফিকুল ইসলাম (৪৫) নামে দুইজনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।
অভিযুক্তরা হলেন, খামারগ্রাম এলাকার মোছা. রওশনারা বেগম (৪০), স্বামী মো. রফিকুল ইসলাম এবং মো. রফিকুল ইসলাম (৪৫), পিতা মৃত আবু বক্কর মোল্লা।
তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ২৪(খ) অনুযায়ী অভিযোগ আনা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটের দিকে এনায়েতপুর থানার পুলিশ সদস্যরা নিয়মিত হোন্ডা মোবাইল ডিউটিতে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, এনায়েতপুর থানাধীন খামারগ্রাম ডিগ্রি কলেজের উত্তর পাশে মোল্লাবাড়ি এলাকায় মো. রফিকুল ইসলামের বসতবাড়ির শয়নকক্ষে মদ ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে দুই ব্যক্তি অবস্থান করছেন।
তল্লাশির একপর্যায়ে রফিকুল ইসলামের টিনের বসতবাড়ির শয়নকক্ষে রাখা নীল রঙের প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ১ লিটার ধারণক্ষমতার ২০টি মদের বোতল উদ্ধার করা হয়। বোতলগুলোর গায়ে ‘1000ml Country Liquor, Since 1938, Product of Carew & Co. (Bangladesh) Ltd., Darsana’ লেখা ছিল। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ২ হাজার ৫০০ টাকা হিসেবে উদ্ধার করা মদের মোট মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।
এ বিষয়ে এনায়েতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, “এ বিষয়ে মামলা রুজু হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।”