এনায়েতপুর সংবাদদাতা:
দুই যুগেরও বেশি সময় অতিবাহিত হলেও সিরাজগঞ্জের এনায়েতপুর থানাকে উপজেলা করার দাবি বাস্তবায়ন হয়নি। এ দাবি বাস্তবায়নের লক্ষ্যে ‘এনায়েতপুর উপজেলা বাস্তবায়নে নাগরিক চিন্তা ও চায়ের আড্ডা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এনায়েতপুর থানাকে দ্রুত উপজেলা ঘোষণার দাবি জানান স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। বৃহস্পতিবার বিকেলে এনায়েতপুর প্রেসক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাবের সভাপতি আব্দুস সামাদ খানের সভাপতিত্ব অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব সাইদুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন মিয়া, থানা জামায়াতে ইসলামীর আমির সেলিম রেজা, থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম লেবু ও সানোয়ার হোসেন ব্যাপারী, থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল, প্রেসক্লাবের সহ-সভাপতি মুক্তার হাসান ও অনুষ্ঠানের আহ্বায়ক এম ওয়াহিদুজ্জামান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, এনায়েতপুরকে উপজেলা করার দাবিতে অতীতে বহুবার বিভিন্ন দপ্তরে যোগাযোগ ও নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু দুই যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই দাবি বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসার পরও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় স্থানীয় মানুষের মধ্যে হতাশা বিরাজ করছে। এবার এ দাবি শুধু নাগরিক চিন্তা কিংবা চায়ের আড্ডার আলোচনায় সীমাবদ্ধ রাখলে চলবে না। এনায়েতপুরকে উপজেলা হিসেবে বাস্তবায়ন করতেই হবে। এটি কোনো ব্যক্তি বা নির্দিষ্ট গোষ্ঠীর দাবি নয়। বরং এ অঞ্চলের সর্বস্তরের মানুষের প্রাণের দাবি।
বক্তারা আরো বলেন, এনায়েতপুর উপজেলা হলে স্থানীয় মানুষের প্রশাসনিক সেবা গ্রহণ সহজ হবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও সামগ্রিক উন্নয়নে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে।
সভায় এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা, সাংবাদিক বাবু মির্জা, খুকনী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুস সালাম, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আইনুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।