কাজিপুর সংবাদদাতা:
সিরাজগঞ্জের জেলা প্রশাসক আমিনুল ইসলাম কাজিপুর উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার রাতে (ষষ্ঠী দিন) উপজেলার গান্ধাইল ইউনিয়নের সাহাপাড়া, সিংড়াবাড়ি, চরসিংড়াবাড়ি, পৌর এলাকার সার্বজনীন পুজা মণ্ডপ ও সোনামুখি ইউনিয়নের বিভিন্ন পুজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালে পূজার সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং পূজারীদের খোঁজখবর নেন জেলা প্রশাসক।
এসময় আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি। এছাড়াও পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আয়োজক কমিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান জেলা প্রশাসক।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ পারভীন, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, থানার ওসি আব্দুর রাজ্জাক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্ঠান ঐক্য পরিষদের সভাপতি ও পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি পরিমল কুমার তরফদারসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। এসময় পূজা উদযাপন কমিটির হাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।