কামারখন্দ সংবাদদাতা:
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে শ্রেণিকক্ষ দখল করে বসবাস করার অভিযোগ ওঠার পর তিনি কক্ষ থেকে খাট, চেয়ার-টেবিল ও অন্যান্য সরঞ্জাম সরিয়ে নিয়েছেন। বুধবার বিকেলে অধ্যক্ষ নিজে ওই মালামাল শ্রেণিকক্ষ থেকে সরিয়ে ফেলেন। এর আগে বিষয়টি নিয়ে দৈনিক যমুনার কথাসহ বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ওই সংবাদে বলা হয়, নিয়মিত সরকারি বাড়িভাড়া গ্রহণ করলেও সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজের ২১১ নম্বরের একটি শ্রেণিকক্ষ দখল করে রীতিমতো বসবাস করছেন অধ্যক্ষ জাহাঙ্গীর আলম। এতে স্থানীয়রা ছাড়াও কলেজের একাধিক শিক্ষকের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপাশা হোসাইন বলেন, শ্রেণিকক্ষে অধ্যক্ষের বসবাসের বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তার নজরে আসে। পরে তিনি অধ্যক্ষকে শ্রেণিকক্ষে থাকা আসবাবপত্র ও সরঞ্জাম সরিয়ে ফেলার নির্দেশ দেন।
এ বিষয়ে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, কক্ষটিতে তিনি রাতযাপন করতেন না। মাঝেমধ্যে বিশ্রাম নেওয়ার জন্য সেখানে ওইসব জিনিসপত্র রাখা হয়েছিল। কিন্তু প্রশ্ন ওঠায় তিনি নিজেই সেগুলো সরিয়ে নিয়েছেন।