যমুনার কথা প্রতিবেদক
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু চীনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে চীনের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ আগ্রহের কথা জানান।
বৈঠকে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ও কনসালটেন্সি ফার্মের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গসহ আট সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেন। এ সময় বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা ও সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়।
প্রতিনিধি দলে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শেনজেন কাইফা টেকনোলজি (চেংদু) কোম্পানি লিমিটেডের (Shenzhen Kaifa Technology (chengdu) Co. Ltd.) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ড পরিচালক সেনহুই ঝাং (Senhui Zhang), এপিএসি অঞ্চলের কারিগরি প্রধান জুনজি চেন (Junjie Chen), একই অঞ্চলের ব্যবসাপ্রধান ওয়েই ঝাং (Wei Zhang) এবং বাংলাদেশ জাতীয় প্রতিনিধি ইউকিং ইয়াও (Yuqing Yao) উপস্থিত ছিলেন।
এ ছাড়া ওয়াক্সম্যাক্স কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের (WAXMAX CONSULTING PTE LTD) চেয়ারম্যান জিনসং ওয়াং (Jinsong Wang), ব্যবস্থাপনা পরিচালক ডেভিড (David) এবং পরিচালক স্টেফান ডিং (Stefan Ding) প্রতিনিধি দলের সদস্য হিসেবে বৈঠকে অংশ নেন। পাশাপাশি দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রেজাউর রহমান সোহাগও এ সময় উপস্থিত ছিলেন।