টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের বহুতল ভবনের ওপরের তলা থেকে নিচের রাস্তায় ময়লা-আবর্জনা ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোগী, স্বজন ও পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হাসপাতালের ওপরের তলার জানালা দিয়ে প্লাস্টিকের খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য নিচে ফেলা হচ্ছে। প্রায় ১৫ তলা উচ্চতা থেকে এসব বর্জ্য পথচারীদের চলাচলের এলাকায় পড়ছে।
এভাবে ওপর থেকে বর্জ্য নিক্ষেপের ঘটনায় যেকোনো সময় গুরুতর দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। পাশাপাশি হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন উঠেছে।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে পরিচালনার দাবি জানিয়েছেন রোগী ও স্বজনরা।