তাড়াশ সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশে চলমান উন্নয়নকাজের জন্য রাখা প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার চুরি হয়েছে একটি কবরস্থান থেকে। শনিবার দিবাগত রাতে তাড়াশ পৌর এলাকার ভাদাস মহল্লার কেন্দ্রীয় কবরস্থানে এ চুরির ঘটনা ঘটে।
রোববার (২৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ভাদাস মহল্লা কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যাংকার মোহা. আবু তোহা।
স্থানীয় সূত্রে জানা যায়, তাড়াশ পৌর সদর থেকে প্রায় আধা কিলোমিটার দূরে কয়েক বিঘা জমির ওপর অবস্থিত শতবর্ষী ভাদাস কবরস্থানটি। আশপাশের তিন-চারটি গ্রামের মৃত ব্যক্তিদের এখানে দাফন করা হয়। সম্প্রতি পুরোনো এই কবরস্থানের চারপাশে প্রাচীর নির্মাণ, বৈদ্যুতিক লাইটিং স্থাপনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেয় পরিচালনা কমিটি।
এরই অংশ হিসেবে উন্নয়নকাজের জন্য প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বৈদ্যুতিক তার কিনে কবরস্থানের একটি সংরক্ষিত স্থানে রাখা হয়েছিল। শনিবার দিবাগত রাতে কোনো একসময় চোরের দল সেখান থেকে মূল্যবান এসব বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোহা. আবু তোহা বলেন, “কবরস্থানের জিনিসও চুরি হয়ে যাবে—এ বিষয়টি আমাদের কল্পনার বাইরে ছিল। এ ধরনের চুরির ঘটনার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না।”
তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম মোল্লা জানান, কবরস্থান থেকে বৈদ্যুতিক তার চুরির বিষয়টি তাঁরা শুনেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মোহা. আবু তোহা জানিয়েছেন, অফিস ছুটির পর তিনি নিজে থানায় গিয়ে এ ঘটনায় লিখিত অভিযোগ দাখিল করবেন।