যমুনার কথা ডেস্ক
মা ইলিশ সংরক্ষণে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে সিরাজগঞ্জের যমুনা নদীতে এক শ্রেণির অসাধু জেলে অবাধে ইলিশ শিকার করে চলেছেন। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে যমুনা নদীজুড়ে ডিমওয়ালা মা ইলিশ নিধনের প্রতিযোগিতা চলছে।
জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, ইলিশের বংশবিস্তার রক্ষায় গত ৮ অক্টোবর থেকে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ ধরা, আহরণ, মজুদ, পরিবহন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবে এই নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে জেলেরা ইঞ্জিনচালিত নৌকা নিয়ে দিনরাত কারেন্ট জাল দিয়ে মা ইলিশ শিকার করছেন। অপরিচিত নৌকা দেখলেই তাঁরা জাল ও দড়ি ফেলে পালিয়ে যাচ্ছেন।
বেলুটিয়ার চরের জেলে আব্দুর রাজ্জাক জানান, অভাবের তাড়না ও পেটের দায়ে বাধ্য হয়েই তাঁরা এই সময়ে নদীতে নামছেন। যতই অভিযান চলুক, উপায় না থাকায় তাঁরা ঝুঁকি নিচ্ছেন।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বলেন, মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশব্যাপী এই নিষেধাজ্ঞা চলছে। অভিযান অব্যাহত রয়েছে জানিয়ে তিনি বলেন, এ পর্যন্ত জেলায় ৬০টি অভিযান ও ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় প্রায় ১ কোটি ৪৩ লাখ ২ হাজার মিটার কারেন্ট জাল আটক ও ধ্বংস করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৮ লাখ ৪৩ হাজার টাকা। এছাড়া ২১টি মামলায় ১৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। নদীর জীববৈচিত্র্য রক্ষা ও মা ইলিশের প্রজনন নিশ্চিত করতে এই অভিযান অব্যাহত থাকবে।