শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান হত্যা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬.৩৫ পিএম

যমুনার কথা ডেস্ক:

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্বশুরবাড়ির কাছে একটি দোকানে বসেছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান। সেখান থেকে সিগারেট কিনে শ্বশুরবাড়ি ফেরেন তিনি। ফেরার পর বুঝতে পারেন, দোকানে তিনি তার মোবাইল ফোনটি ফেলে এসেছেন। প্রায় দুই মিনিট পর ফোনটি আনতে সেই দোকানে যান। এ সময় দুই যুবক ওই দোকানে আসেন এবং সিগারেট চান। সেসময় লুৎফুজ্জামান ফোনটি নিয়ে দোকান থেকে বের হচ্ছিলেন, ঠিক তখনই তাকে গুলি করেন ওই দুই যুবক। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। প্রত্যক্ষদর্শীদের বয়ানে এমন তথ্য উঠে এসেছে। লুৎফুজ্জামানের শ্বশুরবাড়ি থেকে ঘটনাস্থলের দূরত্ব ১০০ মিটার। খবর পেয়ে দৌড়ে তার স্ত্রী আনন্দিতা সাংমাসহ স্বজনরা সেখানে যান। স্বামীর নিথর দেহের পাশে বসে বিলাপ শুরু করেন তিনি। কখনো স্বামীর মুখের দিকে তাকাচ্ছেন, কখনো সন্তানদের বুকে জড়িয়ে নিচ্ছেন। চার বছরের প্রান্তি আর দেড় বছরের সাফওয়ান অপলক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছেন। কিছুতেই বুঝতে পারছে না, তাদের বাবা আর নেই। সাবেক সেনা সদস্য লুৎফুজ্জামান আইপিটিভি চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখির পাশাপাশি ভিডিও প্রকাশ করতেন তিনি।

হত্যাকাণ্ডের পেছনে সীমান্ত চোরাচালান ও মাদকবিরোধী প্রচার এবং ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামক ফেসবুক পেজকে ঘিরে আলোচনা উঠেছে। দুর্গাপুর-কলমাকান্দা সীমান্ত দিয়ে চোরাচালানের তথ্য ও ভিডিও সংগ্রহ করে প্রচার করছিলেন তিনি।

এ ঘটনার পর থেকেই আলোচনায় ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামক ফেসবুক পেজটি। পেজটি ঘেঁটে দেখা গেছে, সেখানে চোরাচালান ও মাদকসংক্রান্ত বিষয়ে নানা তথ্য প্রকাশ করা হয়েছে। এ ছাড়া গত বুধবার একটি পোস্ট করা হয়েছে। ‘আগামীকাল চাঞ্চল্যকর অপরাধের গডফাদারের তথ্য-প্রমাণ…’ শিরোনামে দেওয়া ওই পোস্ট ঘিরেই হত্যাকাণ্ড ঘটেছে কিনা, প্রশ্ন তুলেছেন কেউ কেউ।

দুর্বৃত্তদের গুলিতে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নিহত হওয়ার পর তার শ্বশুরবাড়িতে নেমে আসে শোকের ছায়া। তার মরদেহ জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, সন্তান ও স্বজনরা।

লুৎফুজ্জামান কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামের মহব্বত আলী ফকিরের ছেলে। প্রায় ছয় বছর আগে তেলঞ্জিয়া গ্রামের শিলা সাংমা ও প্রয়াত ফিলিপ রাংসার মেয়ে আনন্দিতা সাংমাকে বিয়ে করেন তিনি। তাদের দুই সন্তান-প্রান্তি ও সাফওয়ান।

 

এ বিষয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। হত্যায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। ঘটনাস্থল থেকে গুলির খোসা ও একটি গুলি উদ্ধার করা হয়েছে। হত্যার পর জেলার বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয়েছে। ঘাতকদের শনাক্তের চেষ্টা চলছে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা