শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ফেসবুকে অশ্লীল মন্তব্যকারীদের নাম-পরিচয় উন্মোচন করছে ‘নো মোর সাইলেন্স’

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ৬.৪০ পিএম

যমুনার কথা ডেস্ক:

সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকে সাইবার হেনস্তা ও কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে অভিনব এক প্রতিরোধ গড়ে তুলেছে ‘নো মোর সাইলেন্স’ নামক একটি ফেসবুক পেজ। বিভিন্ন সংবাদমাধ্যম, তারকা কিংবা বিশিষ্ট ব্যক্তিদের ফেসবুক পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে যারা অশ্লীল, কুরুচিপূর্ণ এবং কুরুচিকর আক্রমণাত্মক মন্তব্য করেন—তাদের আসল পরিচয় জনসমক্ষে উন্মোচিত করাই এই প্ল্যাটফর্মটির প্রধান কাজ। এই প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচয় ফাঁস হওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী এমনকি শিক্ষার্থীদের নামও।

 

কিভাবে কাজ করছে এই উদ্যোগ?

অনলাইন অ্যাক্টিভিস্ট আবির আহম্মেদ পিয়াস এবং তার সহযোগীরা মিলে গত বছরের নভেম্বরে ফেসবুক গ্রুপ ও পেজ হিসেবে ‘নো মোর সাইলেন্স’ প্লাটফর্মটির যাত্রা শুরু করেন। বর্তমানে ৫০ হাজারেরও বেশি সদস্য এই প্ল্যাটফর্মটি সমন্বিতভাবে কাজ পরিচালনা করে। প্ল্যাটফর্মের সদস্যরা বিভিন্ন আলোচিত পোস্ট বা খবরের কমেন্ট সেকশনে নজর রাখেন এবং কুরুচিপূর্ণ মন্তব্যগুলোর স্ক্রিনশট সংগ্রহ করেন। এরপর ভুয়া (ফেইক) অ্যাকাউন্টের অপব্যবহার রুখতে অত্যন্ত সতর্কতার সঙ্গে মন্তব্যকারীর আসল প্রোফাইল, স্থায়ী-বর্তমান ঠিকানা, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য অ্যানালাইসিস করে যাচাই করা হয়। প্রমাণ নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তির ছবি, নাম, কর্মস্থল/শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য এবং তার করা অশ্লীল মন্তব্যের স্ক্রিনশট যুক্ত করে ডিজিটাল ‘ফটোকার্ড’ তৈরি করে পেইজে প্রকাশ করা হয়।

 

বাস্তব প্রভাব ও প্রশাসনিক ব্যবস্থা

‘নো মোর সাইলেন্স’-এর এই উদ্যোগের কারণে ডিজিটাল অঙ্গনে এক ধরনের ভীতি ও সচেতনতা তৈরি হয়েছে। শতাধিক ব্যক্তির পরিচয় উন্মোচনের পাশাপাশি অভিযুক্তদের নিজ নিজ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান এমনকি বিদেশি নিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে তাদের অশালীন মন্তব্যের প্রমাণ পাঠাচ্ছেন প্ল্যাটফর্মের কর্মীরা। ইতিমধ্যেই বেশ কয়েকটি ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে অভিযুক্তদের নোটিশ প্রদান, অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন এবং সাময়িক বরখাস্তের মতো পদক্ষেপ নিতে দেখা গেছে। এমনকি মধ্যপ্রাচ্য ও প্রবাসে থাকা বেশ কয়েকজন প্রবাসীও তাদের চাকরিদাতার কাছে তথ্য পৌঁছে দেওয়ায় শাস্তিমূলক ব্যবস্থার মুখোমুখি হয়েছেন বলে খবর পাওয়া গেছে। পরিচয় ফাঁসের ভয়ে অনেকেই বিতর্কিত কমেন্ট মুছে ফেলছেন এবং অনেকে প্রকাশ্যে ক্ষমা চাইছেন।

 

সাইবার বিশেষজ্ঞ ও আইন বিশেষজ্ঞদের মতামত

সাইবার সচেতনতা ও সাইবার হেনস্তা নিরসনে এই উদ্যোগকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন বিশ্লেষকরা। তারা বলছেন, আইন প্রয়োগকারী সংস্থার পাশাপাশি সাধারণ জনগণের তৈরি এই সামাজিক প্রতিরোধ কমেন্ট সেকশনের নোংরা পরিবেশ অনেকাংশেই নিয়ন্ত্রণে সাহায্য করছে। তবে এ বিষয়ে সঠিক তথ্য নিশ্চিতকরণ, আইনি ভারসাম্যের পরামর্শ তাদের।

 

নিজেদের সম্পর্কে যা বলছে ‘নো মোর সাইলেন্স’

এই গ্রুপের উদ্দেশ্য এবং এদের কার্যক্রম নিয়ে ফেসবুক গ্রুপটি তাদের সম্পর্কে বিস্তারিত জানিয়েছে। গ্রুপের ‘অ্যাবাউট’-এ তারা লিখেছে, নারী নির্যাতন, ধর্ষণ, হত্যাসহ নানাবিধ অপরাধের প্রতি সমর্থনকারীদের খুঁজে পাওয়া যায় অনলাইনের এই দুনিয়াতে। ভদ্র, বোকাসোকা চেহারার সাধারণ মানুষগুলো যখন কমেন্টবক্সে তাদের আসল রূপ প্রকাশ করে, তখন ঘৃণায় ভরে যায় আমাদের মন।

অথচ অনলাইনের দুনিয়া হওয়া উচিত ছিল এসব কুৎসিত আলাপন থেকে মুক্ত। ফেসবুক কমিউনিটি গাইডলাইন এদের শায়েস্তা করছে না বলে, যেকোনো পোস্টে সবচেয়ে নোংরা ও অপরাধপ্রবণ কমেন্টটা করতেও ভয় পাচ্ছে না তারা। এই পরিস্থিতি বদলাতেই এই গ্রুপ। কোনো পোস্টে যদি কেউ নোংরা ও কদাকার কমেন্টের মাধ্যমে নিজের পরিচয় দেয়, তাদেরকে তুলে আনা হবে এই গ্রুপে। পরিচয় করিয়ে দেওয়া হবে সারা দেশের সঙ্গে। সেই সঙ্গে আপনিও জানতে পারবেন, আপনার আশপাশের মানুষগুলো কারা, তাদের চিন্তাধারা কেমন, তারা আপনাকে নিয়ে কী ভাবে, আপনাদের নিয়ে কী ভাবে।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা