রায়গঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজারে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক গোডাউন, দোকান ও বিভিন্ন স্থাপনা পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে বাসস্ট্যান্ড এলাকার বিশ্বাস সুপার মার্কেট ও পাশের একতা প্লাজায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিশ্বাস সুপার মার্কেটের জহুরুল ইসলামের তুলার গোডাউন ও লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করেন।
অগ্নিকাণ্ডে জহুরুল ইসলামের তুলার গোডাউন, মেশিন ও লেপ-তোষক, মিলন হোসেনের ফ্রিজের গোডাউন, সাখাওয়াত হোসেনের গোডাউনে রাখা মেশিন ও একটি মোটরসাইকেল পুড়ে গেছে। এছাড়া মোবাইল টেলিকম ব্যবসায়ী আতিকুল ইসলামের দোকান ও শফিক ইসলামের দোকান, বিশ্বাস সুপার মার্কেটের মালিক হাসান বিশ্বাসের স্থাপনা ও পাশের একতা প্লাজার মালিক আমিনুল ইসলামের দোকানে বিপুল পরিমানে ক্ষয়ক্ষতি হয়েছে।
রায়গঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার শাহাদাত হোসেন মিঞা বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এলাকাটি বাণিজ্যিক হলেও পানির সংকট থাকায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লেগেছে। স্থানীয়রাও আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেছেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর আগুনের সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। এরআগে রাতেই উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মমিন, জামায়াত নেতা আব্দুস সাত্তার ও উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি খোরশেদ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।