রায়গঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রতন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার সকালে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের ভাতাহাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রতন ওই গ্রামের রহিম বক্সের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের বাবা।
স্থানীয়রা জানান, রবিবার ভোরে বাথরুমে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন রতন। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। সকালে বাড়ির পাশের পুকুরে রতনের মরদেহ দেখতে পেয়ে স্বজনরা থানায় সংবাদ দেন। নিহতের বাবা রহিম বক্স বলেন, ছেলে রতন নেশাগ্রস্ত ছিলেন। প্রায়ই সে মাতলামির পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করতো।
এ বিষয়ে রায়গঞ্জ থানায় লিখিত অভিযোগও করা হয়েছিল। রায়গঞ্জ থানার ওসি আহসানুজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে রতনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।