শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা

  • আপডেট টাইম : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ৬.৪০ পিএম

যমুনার কথা ডেস্ক:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ‘বি-২’ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। এসব গুরুত্বপূর্ণ পরীক্ষার চূড়ান্ত প্রতিবেদন ইতোমধ্যে নিয়ন্ত্রক সংস্থা ‘বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) কাছে জমা দেওয়া হয়েছে। বায়েরার আনুষ্ঠানিক অনুমোদন পেলেই বিদ্যুৎ উৎপাদন শুরুর জন্য ইউনিটটিকে ‘সি’ পর্যায়ে উন্নীত করা হবে। প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, অনুমোদন সাপেক্ষে আজকের (২৫ অক্টোবর) মধ্যেই প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু (পাওয়ার স্টার্টআপ)-র লক্ষ্য নিয়ে জোর প্রস্তুতি চলছে।

এদিকে, রূপপুর প্রকল্পের কাজের অগ্রগতি ও প্রথম ইউনিটের ‘ক্রিটিক্যাল পর্যায়’ সম্পর্কে তথ্য জানাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকীর মাহবুব আনামের সঙ্গে সাক্ষাৎ করেছে উচ্চপর্যায়ের একটি রুশ প্রতিনিধিদল।

রুশ দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোসাটমের প্রথম উপ-মহাপরিচালক ও অ্যাটমস্ট্রয়এক্সপোর্টের (এএসই) প্রেসিডেন্ট আন্দ্রেই পেত্রোভের নেতৃত্বে প্রতিনিধিদলটি ২০ থেকে ২৩ অক্টোবর বাংলাদেশ সফর করে এবং একাধিক নীতি-নির্ধারণী বৈঠকে অংশ নেয়।

 

ঢাকায় অনুষ্ঠিত এই বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনসহ বাংলাদেশ পারমাণবিক শক্তি কমিশন এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে বিদ্যুৎকেন্দ্রের সার্বিক অগ্রগতি এবং পরবর্তী ধাপের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রকল্পের সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, বি-২ ধাপের ফিজিক্স টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে শেষ করে বুধবার বায়েরার কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার সবুজ সংকেত মিললেই কেন্দ্রটি ‘সি’ স্টেজে প্রবেশ করবে এবং পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

তিনি আরো উল্লেখ করেন, শুরুতেই পূর্ণমাত্রায় না গিয়ে সীমিত পরিসরে বিদ্যুৎ উৎপাদন করা হবে এবং ধাপে ধাপে তা বৃদ্ধি পাবে। বিদ্যুৎ উৎপাদন ৩০ থেকে ৩৫ শতাংশে পৌঁছালে তা জাতীয় গ্রিডে যুক্ত করার প্রযুক্তিগত সক্ষমতা তৈরি হবে। সব প্রক্রিয়া সময়সূচি অনুযায়ী সম্পন্ন হলে চলতি বছরের শেষ নাগাদ রূপপুর থেকে জাতীয় গ্রিডে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।

 

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা