শাহজাদপুর সংবাদদাতা:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বাড়াবিল উত্তরপাড়ায় আবু তালেব মেমোরিয়াল স্কুলের স্বপ্নদ্রষ্টা মরহুম আলহাজ্ব আবু তালেব মাস্টারের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক তাহছিন নূরী খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম, বেড়া সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুস সাত্তার, ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হুসাইন আহমেদ, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, মরহুমের কনিষ্ঠ পুত্র ইঞ্জিনিয়ার আবু তালহা নূরী ও এম এম সুজন প্রমুখ।
স্বরণ সভায় বক্তারা মরহুম আবু তালেব মাস্টারের জীবন, কর্ম ও শিক্ষা বিস্তারে তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, এ অঞ্চলে শিক্ষার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে তাঁর স্বপ্নের প্রতিষ্ঠান আবু তালেব মেমোরিয়াল স্কুলের উত্তরোত্তর সাফল্য কামনা করেন তারা। সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।