শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

যমুনার কথায় সংবাদ প্রকাশের পর আব্রাহামের চিকিৎসায় প্রধানমন্ত্রীর ৫০ হাজার টাকা সহায়তা

  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০.৩১ এএম

সন্তানকে সুস্থ করে তুলতে চান বাবা আব্দুল হালিম। কিন্তু ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় দুই লাখ টাকা জোগাড় করতে পারছিলেন না তিনি। পেশায় রাজমিস্ত্রি হালিমের সংসার চলে দিন এনে দিন খেয়ে। এর মধ্যে পাঁচ মাস বয়সী ছেলে আব্রাহাম রহমানের জন্মগত হৃদরোগের চিকিৎসার খরচ জোগাড় করা তাঁর জন্য কঠিন হয়ে পড়ে।

এমন পরিস্থিতিতে শিশুটির চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শিশুটির পরিবারের কাছে ৫০ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামে গিয়ে শিশুটির বাবা আব্দুল হালিমের হাতে নগদ অর্থ তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর ব্যক্তিগত কর্মকর্তা আব্দুল্লাহ আল কায়েস।

পরিবারের সদস্যরা জানান, জন্মগতভাবে হৃদ্‌যন্ত্রে ছিদ্র নিয়ে জন্ম নেওয়া আব্রাহামের অস্ত্রোপচারের জন্য প্রায় দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু সীমিত আয়ের কারণে সেই টাকা জোগাড় করতে পারছিলেন না তাঁর বাবা।

শিশুটির চিকিৎসার জন্য পরিবারের অসহায়ত্বের বিষয়টি দৈনিক ‘যমুনার কথা’ পত্রিকায় প্রকাশিত হলে বিষয়টি সর্বমহলে ছড়িয়ে পড়ে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের নজরে আসে। পরে শিশুটির চিকিৎসায় সহায়তার উদ্যোগ নেওয়া হয়।

বর্তমানে আব্রাহাম ঢাকার উত্তরা ১২ ও ১৩ নম্বর সেক্টরের রেডিকেল হাসপাতালে তৃতীয় তলায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রয়েছে। সেখানে ৩ নম্বর শয্যায় তার চিকিৎসা চলছে।

শিশুটির বাবা আব্দুল হালিম বলেন, ‘আমি রাজমিস্ত্রির কাজ করে সংসার চালাই। আমার সন্তানের চিকিৎসার জন্য দুই লাখ টাকা প্রয়োজন। কিন্তু এত টাকা জোগাড় করার সামর্থ্য আমার ছিল না। পরে বিষয়টি সাংবাদিকদের জানাই। দৈনিক ‘যমুনার কথা’সহ বিভিন্ন সংবাদপত্রে সংবাদটি প্রকাশের পর বিষয়টি সবার নজরে আসে। আজ প্রধানমন্ত্রীর নির্দেশে কায়েস ভাই আমার হাতে ৫০ হাজার টাকার একটি খাম তুলে দিয়েছেন। পাশাপাশি সন্তানের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছেন।’

এই দুঃসময়ে সহায়তা পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্দুল হালিম। তিনি বলেন, ‘আমার সন্তানের বিপদের সময়ে যাঁরা পাশে দাঁড়িয়েছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী টুকু ভাই, কায়েস ভাই, দৈনিক যমুনার কথা পত্রিকা ও বিএনপির প্রতি কৃতজ্ঞতা জানাই।’

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা