যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার দুইদিন পর শাহাদত হোসেন (৩৮) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বিকেলে ছোনগাছা ইউনিয়নের বলিদহ এলাকার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শাহাদত হোসেন সদর উপজেলার চিলগাছা গ্রামের শাহজাহান আলীর ছেলে। তিনি খোকশাবাড়ি গ্রামের শ্বশুরবাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন।
স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন শাহাদত। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মুঠোফোনও বন্ধ ছিল। শনিবার পরিবারের পক্ষ থেকে সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়। রবিবার বিকেলে বলিদহ এলাকার একটি ক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
সদর থানার ওসি রাকিবুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শাহাদতকে শ্বাসরোধে হত্যার পর তাঁর অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ শুরু করেছে পুলিশ।