যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিলশেডে পুলিশ সপার সাইফুল ইসলাম সানতু’র সভাপতিত্বে এ সভা হয়।
সভায় জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশ, পেশাগত দক্ষতা ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে কর্মক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৩৪ জন পুলিশ সদস্যকে অর্থ, সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান করা হয়। এছাড়া সদ্য পিআরএল-এ গমনকারী একজন পুলিশ সদস্যকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও পুলিশ সুপারের উদ্যোগে থানায় কর্মরত পুলিশ সদস্যদের জন্য “ফার্স্ট এইড বক্স” ও প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান কল্যাণ সভা পরিচালনা করেন।
পরবর্তীতে পুলিশ অফিসের হলরুমে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মামলার তদন্ত, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার, অপরাধ নিয়ন্ত্রণ এবং পুলিশি সেবার মানোন্নয়ন নিয়ে আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপারগণ, সহকারী পুলিশ সুপারগণ, সকল থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন ইউনিট ইনচার্জরা উপস্থিত ছিলেন।