যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী পরিষদের মিলন মেলা ২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে শহরের একটি হোটেল কক্ষে এ সভা হয়। এসময় মিলনমেলার সার্বিক পরিকল্পনা, প্রস্তুতি, কর্মসূচি ও বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, এবারের মিলনমেলা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানটি যমুনা নদীতীরের চায়না বাঁধ-৩ এ আয়োজন করা হবে। মিলনমেলায় অংশগ্রহণের জন্য চাঁদা নির্ধারণ করা হয়েছে ৪০০ টাকা। ইতোমধ্যে মিলনমেলায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে আয়োজিত এ মিলনমেলার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও স্বেচ্ছাসেবার বন্ধন আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা। সভায় উপস্থিত ছিলেন সুখ পাখি সিরাজগঞ্জের প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ রজব আলী, সুখ পাখি ও রেডলাভ পরিচালক রাসেল রহমানসহ সকল স্বেচ্ছাসেবীগণ।