যমুনার কথা ডেস্ক
দেশে ডেঙ্গুর পাশাপাশি হামের প্রাদুর্ভাবও অব্যাহত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১ হাজার ২৫১ জন সন্দেহজনক হামের রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭ জন।
বুধবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৫১ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এই সময়ে নিশ্চিত হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ৬৪ জন। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ সময়ে হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ১৪৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১২৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এর মধ্যে মোট নিশ্চিত হামের রোগী ২৩ হাজার ৬৯৫ জন। এই সময়ে মোট মারা গেছেন ১ হাজার ১৪৪ জন, যার মধ্যে নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১০৫ জনের। এছাড়া, এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন রোগী।