বেল্কুচি সংবাদদাতা
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীতে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে মৎস্য বিভাগের অভিযানে এক লাখ ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১৯টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব জালের আনুমানিক বাজারমূল্য প্রায় এক কোটি টাকা।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার যমুনা নদীবেষ্টিত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।
শনিবার (১৭ অক্টোবর) জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান দৈনিক আমাদের বার্তা এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান চালানো হয়। পরে স্থানীয় প্রশাসন ও মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত এসব অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। ইলিশের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করা, অবৈধ মাছ আহরণ প্রতিরোধ এবং দেশের মৎস্যসম্পদ সংরক্ষণে মৎস্য বিভাগ এ অভিযান অব্যাহত রেখেছে। যা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত চলবে।
এসময় বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন কুমার রায়, সিরাজগঞ্জ সদর উপজেলার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।