যমুনার কথা প্রতিবেদক:
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশনায় সিরাজগঞ্জ শহরে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী, দলীয় নেতাকর্মীর পাশাপাশি কাজ করছে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো: আব্দুস সাত্তারের নিদের্শনায় শুক্রবার সন্ধ্যা থেকে পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৪৬টি পূজামণ্ডপে এ কাজে নিয়োজিত রয়েছেন ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
পূজা উদযাপন কমিটির নেতাদের সাথে কুশল বিনিময়, পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া এবং দর্শনার্থীদের যাতায়াতে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবীরা। পাশাপাশি শহরের এসএস রোড, জুবলী রোড ও খলিফাপট্টি এলাকায় যানজট নিরসনেও কাজ করছেন তারা।
ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সহযোগিতা করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাজী মো: আব্দুস সাত্তার।