যমুনার কথা প্রতিবেদক:
যমুনার নদীর পূর্বপাড় সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের চরাঞ্চলে নিকট আত্বীয়দের সাথে জমির বিরোধের জেরধরে আমিনুর ইসলাম (৪০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার বিকেলে ইউনিয়নে রুপসা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম রুপসা গ্রামের সোহরাব আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিষয় নিয়ে আমিনুল ইসলামের সাথে তার চাচা আবুল কালাম ও চাচাতো ভাইদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। কয়েকমাস আগে সুলতান নামে একজনকে ছুরিকাঘাত করেছিল আমিনুর। বিষয়টি তখন স্থানীয়ভাবে মিমাংসাও হয়। এরই জেরধরে আমিনুরকে রুপসা বাজারে তার চাচা আবুল কালাম ও চাচাতো ভাইয়েরা লাঠিসোটা দিয়ে বেধড়ক মারপিট করে। এতে আমনিুরের হাত-পা ভেঙে যায়। আশংকাজনক অবস্থায় নৌকাযোগে সিরাজগঞ্জ শহরের হাসপাতালে আনার পথে সে মারা যায়।
এ বিষয়ে সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, আমিনুর হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন। মামলায় ১২জনের নাম উল্লেখ ও ৭/৮জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। এ ঘটনার পর সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।