যমুনার কথা প্রতিবেদক:
দরিদ্র ও অসহায় মানুষের আমিষের চাহিদা পূরণে সিরাজগঞ্জ শহরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আব্দুস সাত্তার ফাউন্ডেশন। নিম্নআয়ের মানুষের খাবারের তালিকায় আমিষের ঘাটতি কিছুটা পূরণ করতে অসহায়, দুস্থ ও দরিদ্র পরিবারের মাঝে মাছ বিতরণ করেছে সংস্থাটি। বুধবার সকালে শহরের ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাছ বিতরণ করা হয়। এসময় পৌর এলাকার অসহায় ও দরিদ্র মানুষের হাতে মাছ তুলে দেন দৈনিক যমুনার কথা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার।
মাছ পেয়ে উপকারভোগীদের মধ্যে আনন্দ দেখা যায়। তাঁদের অনেকে এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। নিম্নআয়ের মানুষের খাদ্য তালিকায় পুষ্টিকর খাবার যোগ করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, সমাজের সামর্থ্যবান ব্যক্তিরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমানো সম্ভব।
আব্দুস সাত্তার ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন এলাকায় নানা ধরনের সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। অসহায় ও দরিদ্র মানুষের সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সংস্থাটি সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে।