তাড়াশ সংবাদদাতা:
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সার ডিলারদের সাথে মতবিনিময় সভা করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হক। রবিবার সকালে স্থানীয় কৃষি অফিসে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সংসদ সদস্য ভিপি আয়নুল হক বলেন, “কৃষি আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি। প্রান্তিক পর্যায়ের কৃষকেরা যাতে সঠিক সময়ে, নির্ধারিত মূল্যে এবং নির্বিঘ্নে সারসহ অন্যান্য কৃষি উপকরণ পান, তা নিশ্চিত করতে হবে। সারের বাজার স্থিতিশীল রাখতে হবে। এ বিষয়ে কোনো প্রকার কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা বা অনিয়ম সহ্য করা হবে না। ডিলারদের সততা ও আন্তরিকতার সঙ্গে কৃষকদের সেবা দেওয়ার আহ্বান জানাচ্ছি তিনি।
সভায় উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা বলেন, “উপজেলায় সারের সরবরাহ ও বিতরণ শৃঙ্খলা বজায় রাখতে কৃষি বিভাগ মাঠে থেকে কাজ করছে। কৃষকদের দোরগোড়ায় সঠিক সময়ে সার পৌঁছে দিতে ডিলারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি স. ম. আফছার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক এফ এম শাহ্ আলম এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার হযরত আলী ও সার ডিলারগন উপস্থিত ছিলেন।