যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিজ বাড়িতে ডেকে নিয়ে আকরাম হোসেন সরকার (১৯) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব তালুকদার (২৭) নামে অভিযুক্ত আরেক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। নিহত আকরাম উপজেলার পূর্ণিমাগাঁতি ইউনিয়নের কোনাগাতি গ্রামের রহিম সরকারের ছেলে এবং অভিযুক্ত সুবজ একই ইউনিয়নের খোশালপুর গয়হাট্টা গ্রামের নুর মোহাম্মদ তালুকদারের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আসাব আলী বলেন, শুক্রবার দুপুরে আকরামকে নিজ বাড়িতে ডেকে নিয়ে সবুজ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর মরদেহ বাড়ির ভেতরে পড়ে ছিল। আর অভিযুক্ত মারুফ দরজা-জানালা বন্ধ রেখে নিজের শয়নকক্ষে অবস্থান করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা মারুফকে বারবার ডাকাডাকি করেন। এতে মারুফ কোন সাড়া না দেওয়ায় গ্রামবাসী পুলিশকে খবর দেয়।
উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান বলেন, শুক্রবার রাত ১০টার পর ঘটনাস্থল থেকে নিহত আকরাম সরকারের মরদেহ উদ্ধার এবং অভিযুক্ত মারুফ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। আকরামকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কি কারনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মারুফের বাসার স্বজনরা পলাতক রয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ওসি আরো বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছে।
নিহত আকরামের বাবা আব্দুর রহিম বলেন, আমার ছেলেকে কেন ডেকে নিয়ে গেলো আর কেন হত্যা করেছে, তা আমি বুঝতে পারছি না। এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছেন তিনি।