সলঙ্গা সংবাদদাতা:
সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকালে রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো, রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি (২২), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে স্বাধীন (২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাসুম আহম্মেদ (২২)।সলঙ্গা থানার ওসি আলী আসলাম বলেন, ভেংড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চারটি হাইস গাড়ি নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৪জনকে গ্রেপ্তার করা হয়। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার পর বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।