উল্লাপাড়া সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে গাছ কেটে নেওয়া, জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে উল্লাপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী মো. মজনু মিয়া (৬৫)। অভিযোগের পর ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করেছে পুলিশ।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বড় পাঙ্গাসী ইউনিয়নের বারইঘাতী গ্রামের মঞ্জেল হকসহ কয়েকজনের সঙ্গে মজনু মিয়ার পরিবারের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মজনু মিয়ার দাবি, উল্লাপাড়া থানার চন্দ্রগাতি মৌজার জেএল নম্বর-১৬৮, আরএস খতিয়ান নম্বর-১৩১ এবং আরএস দাগ নম্বর-৯৯৭-এর পাঁচ শতাংশ জমি তাঁর বাবার নামে রেকর্ডভুক্ত রয়েছে। ওই জমির মালিকানা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ জমিটি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৪ অক্টোবর সকাল ৮টার দিকে অভিযুক্ত ব্যক্তিরা দেশীয় অস্ত্র নিয়ে বিরোধপূর্ণ জমিতে প্রবেশ করেন। পরে সেখানে থাকা ইউক্যালিপটাসগাছ কাটতে শুরু করেন তাঁরা। মজনু মিয়া গাছ কাটতে বাধা দিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় এবং তাঁর বাধা উপেক্ষা করে গাছ কাটা অব্যাহত রাখা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মজনু মিয়া উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসানের কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে এএসআই কামরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে এবং গাছ কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করে বলে জানা গেছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের ওই জমি থেকে গাছ না কাটার জন্য নিষেধ করা হয়।
অভিযোগের বিষয়ে অভিযুক্ত মঞ্জেল হকসহ অন্যদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা কোনো বক্তব্য দিতে রাজি হননি।