যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জে তিনটি উপজেলার সাব-রেজিস্ট্রারকে অন্য জেলায় বদলি করা হয়েছে। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এই বদলির প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলির কারণ হিসেবে প্রশাসনিক শৃঙ্খলা সমন্বয়ের কথা বলা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) মন্ত্রণালয়ের উপসচিব (রেজিস্ট্রার) মো. মাসুদ আলীর সই করা এক প্রজ্ঞাপনে সিরাজগঞ্জের তিনজনসহ মোট ৮৫ জন সাব-রেজিস্ট্রারকে বদলি করা হয়।
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সাব-রেজিস্ট্রার মাসুদ রানাকে রাজশাহীর পুঠিয়া, উল্লাপাড়া উপজেলার সাব-রেজিস্ট্রার ফারহানা আজিজকে নারায়ণগঞ্জের বন্দর এবং তাড়াশ উপজেলার সাব-রেজিস্ট্রার সিফাতুল্লাহকে নরসিংদীর শিবপুরে বদলি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, বদলি করা সাব-রেজিস্ট্রারদের আগামী ২৯ অক্টোবর বর্তমান কর্মস্থলের দায়িত্বভার নিবন্ধন মহাপরিদর্শক মনোনীত কর্মকর্তার কাছে অর্পণ করতে হবে। এরপর তাদের অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগ দিতে হবে।
জেলা রেজিস্ট্রার শরিফ তোরাফ হোসেন জাগো নিউজকে বদলির বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, বদলি হওয়া কর্মকর্তাদের বর্তমান পদের দায়িত্বভার অর্পণপূর্বক বিধি মোতাবেক বদলি করা কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। তবে শূন্য হওয়া এই তিন উপজেলায় নতুন কাউকে পদায়ন না দেওয়া পর্যন্ত অন্য কাউকে অতিরিক্ত দায়িত্ব দিয়ে কাজ চালিয়ে নিতে হবে।