উল্লাপাড়া সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নে একটি গ্রামীণ সড়ক পাকাকরণ কাজ সমাপ্ত না করেই ঠিকাদার চলে গেছে। ২০২৫ সালের ৩১ আগষ্ট এ সড়কটির নির্মান কাজ শেষে হওয়ার কথা ছিল।
ইউপি অফিস – রাজমান হাটভায়া – মনোহারা (শহীদ বিনয় ভূষণ সিংহ) ৩৩৮০-৪৬৪০ মিটার সড়কের পাকাকরণ কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়নি। কাজের মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ৩১ আগস্ট। এরপরও দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সড়কটির নির্মাণকাজ সম্পন্ন না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।
উল্লাপাড়া এলজিইডি অফিস সূত্রে জানা যায়, দূর্গানগর ইউনিয়ন পরিষদ থেকে রাজমান হাট হতে মনোহারা (শহীদ বিনয় ভূষণ সিংহ) পর্যন্ত ১ হাজার ২৬০ মিটার এ সড়কটির উন্নয়ন ও পাকাকরণ কাজের দায়িত্ব পায় সিরাজগঞ্জের মেসার্স ছোহানী এন্টারপ্রাইজ। কাজটির নির্মান চুক্তিমূল্য ধরা হয় ১ কোটি ৪১ লাখ ০১ হাজার ৯৬৩.৪০ টাকা। চুক্তি অনুযায়ী ২০২৫ সালের ৩১ আগস্টের মধ্যে কাজটি সম্পন্ন করার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পার হওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি শেষ করতে পারেনি। যে কারনে সড়কটি ব্যবহারকারী কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিনই দুর্ভোগের শিকার হচ্ছেন। স্থানীয়দের অভিযোগ, এই সড়ক দিয়ে সাধারণ পথচারী, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ চলাচল করেন। পাশাপাশি স্থানীয় বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের ক্ষেত্রেও সড়কটির ভূমিকা রয়েছে। কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় একদিকে যেমন স্থানীয়দের চলাচলে সমস্যা হচ্ছে, অন্যদিকে নির্মাণকাজ দীর্ঘদিন অসম্পূর্ণ ভাবে পড়ে থাকায় সড়কের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে। বিশেষ করে বৃষ্টির সময় কাঁদা ও পানি জমে চলাচলের দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের অভিযােগ, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ার পরও কেন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তারা কর্তৃপক্ষের তদারকির ঘাটতির বিষয়ে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন।
মেসার্স ছোহানী এন্টারপ্রাইজের ঠিকাদার সুমন মল্লিক বলেন, চলতি অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে রাস্তাটির অবশিষ্ট কাজ সমাপ্ত করা হবে।
এ বিষয়ে উল্লাপাড়া উপজেলা প্রকৌশলী মো. শহিদুল্লাহ বলেন, ঠিকাদারকে কাজ করার জন্য বারবার নোটিশ দেওয়া হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।