রায়গঞ্জ সংবাদদাতা:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির নির্বাচনে সভাপতি পদে মো. আবু হানিফ খান এবং সাধারণ সম্পাদক পদে মো. ওমর ফারুক খান জুবায়ের নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ৫১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসবমুখর পরিবেশে সকাল ১০ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ২টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান কর্মকর্তা ও সাবেক অধ্যক্ষ মো. আব্দুল মোত্তালেব শেখ। নির্বাচনে সভাপতি পদে চেয়ার প্রতীকে আবু হানিফ খান ৩১ ভোট, সাধারণ সম্পাদক পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর আনারস প্রতীকের মো. ওমর ফারুক খান জুবায়ের ২৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী ইট প্রতীকের মো. রফিকুল ইসলাম পেয়েছেন ২৫ ভোট।
এছাড়াও সাংগঠনিক সম্পাদক পদে ফুটবল প্রতীকে মো. ফরিদুল ইসলাম, সহসভাপতি পদে মো. আব্দুল হালিম খান, অর্থ সম্পাদক পদে মো. রবিউল আলম রেজা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন ঘিরে সকাল থেকেই ভোটকেন্দ্রে ইটভাটা মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা পর্যন্ত পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। নির্বাচন চলাকালে সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য ভিপি মো. আয়নুল হক ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় থানা-পুলিশের সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।