যমুনার কথা প্রতিবেদক
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় আব্দুস সালাম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সলঙ্গা-গয়হাটি আঞ্চলিক সড়কের চরবেড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম তাড়াশ উপজেলার গোয়ারাখি গ্রামের আমজাদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সালাম রানীনগর এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে মোটরসাইকেলে করে নিজের বাড়িতে ফিরছিলেন। পথে চরবেড়া এলাকায় বেপরোয়া একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে।