শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

কার্তিকের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে রায়গঞ্জের কৃষকদের মনে

  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮.৩৩ পিএম

ফাতেমা, সংবাদদাতা:

কার্তিক মাসের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার কৃষকদের মাঝে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে জেলাজুড়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সঙ্গে হালকা বাতাস বয়ে যায়। এতে সাময়িকভাবে জনজীবনে কিছুটা ভোগান্তি তৈরি হলেও ধান, ভুট্টা, আলু ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের জন্য এ বৃষ্টিকে উপকারী হিসেবে দেখছেন কৃষকরা।

বুধবার সকাল থেকেই আকাশ ছিল মেঘাচ্ছন্ন। একপর্যায়ে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, যা পরে বাতাসসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী বৃষ্টিতে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যায়। এতে খেটে খাওয়া ও নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ কিছুটা বিপাকে পড়েন। বিশেষ করে রিকশাচালক ও দিনমজুরদের আয় কমে যাওয়ার আশঙ্কা দেখা দেয়।

তবে কৃষকদের কাছে এ বৃষ্টি স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘদিনের পানির সংকট ও সেচের খরচের চাপ কমাতে কার্তিকের এ বৃষ্টি সহায়ক হবে বলে মনে করছেন তারা। বিশেষ করে নদী-নালা ও জলাশয়ের পানি কমে যাওয়ায় যেসব এলাকায় সেচের জন্য পানির সংকট দেখা দেয়, সেসব এলাকার কৃষকদের জন্য বৃষ্টির পানি বেশ উপকারী।

রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের কৃষক জাহাঙ্গীর বলেন, “কার্তিক মাসের এ বৃষ্টি ফসলের জন্য খুবই উপকারী। ধান, ভুট্টা ও শাকসবজিসহ বিভিন্ন ফসলের ভালো ফলনের আশা করছি। বৃষ্টির পানিতে জমিতে সেচ দেওয়ার প্রয়োজন কিছুটা কমবে, ফলে কৃষকদের খরচও সাশ্রয় হবে।”

অন্যদিকে বৃষ্টিতে ভোগান্তির কথা জানিয়ে রিকশাচালক আরিফুল ইসলাম বলেন, “সকাল থেকেই আবহাওয়া খারাপ। বৃষ্টির কারণে রাস্তায় মানুষ কম, যাত্রীও অনেক কম পাওয়া যাচ্ছে। ঠান্ডা বাতাস আর বৃষ্টিতে বিপাকে পড়েছি।”

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, “কার্তিকের এ বৃষ্টিতে মাঠে থাকা ধানসহ বিভিন্ন ফসলের উপকার হবে। এ সময়ে নদী-নালা ও জলাশয়ের পানি কমে যাওয়ায় পানির সংকট দেখা দেয়। বিশেষ করে চরাঞ্চলের কৃষকদের চাষাবাদে সমস্যায় পড়তে হয়। এ বৃষ্টি কৃষকদের জন্য উপকারী হবে এবং ফসলের ভালো ফলনের সম্ভাবনা বাড়াবে।”

সব মিলিয়ে কার্তিকের এ বৃষ্টি একদিকে যেমন শ্রমজীবী মানুষের দৈনন্দিন কাজে কিছুটা বিঘ্ন ঘটিয়েছে, অন্যদিকে কৃষকদের মনে জুগিয়েছে আশার আলো। সেচের খরচ কমার পাশাপাশি ফসলের উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে—এমন প্রত্যাশা করছেন স্থানীয় কৃষকরা।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা