রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:০০ অপরাহ্ন

নলকায় জরাজীর্ণ ভবনে চলছে স্বাস্থ্যসেবা, আতঙ্কে রোগী ও স্বাস্থ্যকর্মীরা

  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮.৩৯ পিএম

রায়গঞ্জ সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার নলকা ইউনিয়নের পূর্ব ফরিদপুর গ্রামের সরকারী কমিউনিটি ক্লিনিকে জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়ে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে কমিউনিটি ক্লিনিকের ভবনটি বর্তমানে বেহাল অবস্থায় রয়েছে। এতে একদিকে যেমন স্বাস্থ্যকর্মীরা ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছেন, অন্যদিকে চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষও রয়েছেন আতঙ্কে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নলকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত কমিউনিটি ক্লিনিকের ভবনটি দীর্ঘদিনের পুরোনো হওয়ায় বিভিন্ন স্থানে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন অংশে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে। ফলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভবনটির প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ না হওয়ায় ধীরে ধীরে এর অবস্থা আরও খারাপ হচ্ছে। প্রতিদিন এলাকার নারী, শিশু, বয়স্কসহ বিভিন্ন বয়সী মানুষ চিকিৎসাসেবা নিতে এই ক্লিনিকে আসেন। জরাজীর্ণ ভবনের কারণে তাদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

সেবা নিতে আসা ফরিদপুর গ্রামের লোকমান হোসেন বলেন, কমিউনিটি ক্লিনিকটি অনেক পুরোনো। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। যেকোনো সময় ভবনের কোনো অংশ ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দ্রুত নতুন ভবন নির্মানের দাবী করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ইউসুফ আলী বলেন, পূর্বফরিদপুর কমিউনিটি ক্লিনিকটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় বর্তমানে ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে এখানে চিকিৎসাসেবা নিতে আসতে হচ্ছে সাধারণ মানুষকে। স্বাস্থ্যকর্মীরাও ঝুঁকির মধ্যে দায়িত্ব পালন করছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ভবনটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নতুন ভবন নির্মাণের দাবি করেন তিনি।

এ বিষয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার নজরুল ইসলাম বলেন, পূর্বফরিদপুর কমিউনিটি ক্লিনিকের ভবনটি অনেক পুরোনো হওয়ায় বর্তমানে বেশ জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও ক্ষয় দেখা দিয়েছে। আমরা ঝুঁকি নিয়েই প্রতিদিন এলাকার মানুষকে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। বিশেষ করে বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় আমাদের মধ্যে আতঙ্ক কাজ করে। ক্লিনিকটিতে প্রতিদিন অনেক রোগী সেবা নিতে আসেন। তাই রোগী ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত ভবনটি সংস্কার অথবা নতুন ভবন নির্মাণ করা প্রয়োজন।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা