যমুনার কথা ডেস্ক:
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিরাজগঞ্জের শাহজাদপুর যুবদলের দুই নেতার পদ স্থগিত করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, বাঘাবাড়ী মিল্ক ভিটার নবগঠিত কমিটি ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে অশালীন মন্তব্য এবং কর্মচারীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি ও উস্কে দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পদ হারানো দুই নেতা হলেন- উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল মাহমুদ ও যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম। একই সঙ্গে তাদের দলের প্রাথমিক সদস্যপদও বাতিল করা হয়েছে।
গত ৪ অক্টোবর দুই নেতাকে ২৪ ঘণ্টার মধ্যে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। এর পরদিন ৫ অক্টোবর তাদের বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদের দলীয় সব পদ ও প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।
এ বিষয়ে আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, ‘সম্প্রতি মিল্ক ভিটার কয়েকজন কর্মচারীকে অন্যায়ভাবে ছাঁটাই বা চাকরিচ্যুত করা হয়েছে। তারা চাকরি ফিরে পাওয়ার দাবিতে বাঘাবাড়ী মিল্ক ভিটার কারখানার গেটের সামনে আন্দোলন করছেন। তাদের মধ্যে অনেকে তাদের পরিচিত ও গ্রামের লোকজন। তাদের প্রতি সমবেদনা জানিয়ে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দিয়েছেন তারা। হয়তো এ কারণে আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দলীয় শৃঙ্খলা ভঙ্গের কোনো অপরাধ করিনি।’