যমুনার কথা প্রতিবেদক:
দুর্নীতি ও অভিযোগ উঠায় সিরাজগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী পরিচালক (এডি) ডা. মো. আনোয়ার হোসেনকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর তাকে ওএসডি করা হলেও বিষয়টি এ কয়েকদিন গোপন ছিল। মঙ্গলবার বিষয়টি গণমাধ্যমকর্মীদের নজরে আসে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের যুগ্ন সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. আনোয়ার হোসেনকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে ৫ অক্টোবর থেকে তাঁকে স্ট্যান্ড রিলিজ করার কথাও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বগুড়ার ধুনট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ কাদিরকে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে হাসপাতালের বর্তমান পরিচালক ডা. এ টি এম নুরুজ্জামান সহকারী পরিচালক (এডি) ডা. আনোয়ার হোসেনের ওএসডির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে জানতে ডা. আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার কল ও বার্তা পাঠানো হলেও তিনি সাড়া দেননি।
ওএসডি হওয়া ডা. আনোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। যা অতীতে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এরমধ্যে রোগীদের খাবার ও পথ্য সরবরাহ, মেডিকেল সার্জিক্যাল রিকুইজিশন (এমএসআর) কেনাকাটা থেকে শুরু করে আউটসোর্সিং কর্মী নিয়োগসহ বিভিন্ন খাতে ক্ষমতার অপব্যবহার ও আর্থিক অনিয়মের বিষষগুলো রয়েছে। এছাড়াও ডা. আনোয়ার দায়িত্বে থাকাকালে হাসপাতালের এমএসআর কেনাকায় পছন্দের ঠিকাদারদের নিয়ে একটি প্রভাবশালী সিন্ডিকেট সক্রিয় ছিল। এসব কেনাকাটায় প্রভাব বিস্তার ও কমিশন বাণিজ্যের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, হাসপাতালের সাবেক ভারপ্রাপ্ত পরিচালক ডা. কৃষ্ণকুমার পালের সঙ্গে ডা. আনোয়ার হোসেনের ঘনিষ্ঠতা চিল। সংশ্লিষ্টদের দাবি, হাসপাতালের প্রায় ২৫০ কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ও যন্ত্রপাতি কেনাকাটায় অনিয়ম এবং এমআরআই মেশিন কেনার ক্ষেত্রে ঠিকাদারি প্রতিষ্ঠানকে আগাম ১৬ কোটি টাকা পরিশোধের অভিযোগে কৃষ্ণকুমারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরের তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। এসব অভিযোগের সঙ্গে ডা. আনোয়ারের সংশ্লিষ্টতার বিষয়টি পৃথকভাবে যাচাই করা প্রয়োজন। স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর বিষয়ে হাসপাতালের ক্রয়সংক্রান্ত নথি, সরবরাহ বিল, এমএসআর কেনাকাটা ও আউটসোর্সিং নিয়োগের তথ্য যাচাই করলেই প্রকৃত তথ্য বেড়িয়ে আসবে।