যমুনার কথা প্রতিবেদক
মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে খালুকে বাবা সাজিয়ে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জের সেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুর রশিদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস।
বুধবার (১৪ অক্টোবর) জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আব্দুর রশিদের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে চাকরিতে যোগদানের অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে।
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার দশসিকা গ্রামের রুস্তম আলী ও রেহানা বেগমের ছেলে আব্দুর রশিদ। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার ছোট হামকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন। অভিযোগ রয়েছে, চাকরি পাওয়ার ক্ষেত্রে তিনি নিজের প্রকৃত বাবার পরিবর্তে তার খালুর নাম ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা নিয়েছেন।