যমুনার কথা প্রতিবেদক:
সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের শিলন্দা গ্রামের বাসিন্দা যুব মহিলা লীগের সভাপতি জুলেখা খাতুনসহ কয়েকজনের বিরুদ্ধে বাটোয়ারা মামলার সম্পত্তি নিয়ে স্বাক্ষর জালিয়াতি, অর্থ আত্মসাৎ, মারধর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে ভুয়া প্রতিষ্ঠান খুলে শিক্ষক নিয়োগের নামে টাকা আত্বসাতের একাধিক মামলা রয়েছে। পাওনাদারদের চাপে বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, সিরাজগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে চলমান একটি বাটোয়ারা মামলা নিয়ে বিরোধের সূত্রপাত। অভিযোগকারী বুলবুলি খাতুনের দাবি, সংশ্লিষ্ট মামলার একটি সোলেনামায় তাঁর স্বাক্ষর জাল করে তাঁর অংশের জমি হস্তান্তর দেখানো হয়েছে। এ ঘটনায় তাঁর প্রাপ্য জমির অংশের বিপরীতে আট লাখ টাকা ফেরত চাওয়া হলেও অভিযুক্তরা টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারনে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নানা ভয়ভীতি দেখানো হচ্ছে।
এ বিষয়ে জালিয়াতি মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এস.আই শফিকুল ইসলাম বলেন, জুলেখা খাতুনসহ ওই মামলায় আসামীদের প্রতি আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ বিষয়ে জানতে জুলেখা খাতুনের মুঠোফোনে কল করা হলেও সেটি বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।