উল্লাপাড়া সংবাদদাতা:
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়ায় ২৯ শতক সরকারী জায়গার অর্ধেক দখল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা। আর বাকি অর্ধেক দখলে নিয়ে পাকা মার্কেট নির্মান করেছেন বিএনপি নেতারা। সরকারি জমিতে নির্মাণকাজ বন্ধ রাখতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো হলেও সেটি খুলে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পূর্বদেলুয়া বাসস্ট্যান্ড সংলগ্ন পূর্বদেলুয়া মৌজায় প্রায় ২৯ শতাংশ সরকারি জমি রয়েছে। এর মধ্যে প্রায় ১৪ দশমিক ৫ শতাংশ জমি আগে আওয়ামী লীগের স্থানীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলী দখল করে রেখেছেন। বাকি ১৪ দশমিক ৫ শতাংশ জমি দখল করে মার্কেট নির্মাণ করছেন বিএনপির নেতা শরিফুল ইসলাম ও আইয়ুব আলীসহ কয়েকজন। ইতোমধ্যে ভবনটির দুইতলার নির্মাণকাজ প্রায় শেষ হয়েছে। অভিযোগ পেয়ে জায়গাটি সরকারি সম্পত্তি উল্লেখ করে সতর্কীকরণ সাইনবোর্ড লাগিয়েছিল বড়হর ইউনিয়ন ভূমি অফিস। তবে সেই সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে।
ভবন মালিক ও বিএনপি নেতা শরিফুল ইসলাম বলেন, জাগয়াটি সরকারী গেজেট ভুক্ত হয়েছে তাই কিছুটা তাই সমস্যা। আমরা মামলা করেছি, নথি ভুমি অফিসে জমা দিয়েছি। আদালতের রায় দ্রুতই পাবো। আমরা ১৫ শতক কিনেছি, ১৫ শতকই খাই। নায়েব কাগজ দেখে বলছে সব ঠিক আছে। মানুষজন হুমকি দিয়েছিল, তাই নায়েব সাইনবোর্ড লাগিয়েছিল।
এ বিষয়ে বড়হর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. মঈন উদ্দীন বলেন, শরিফুল ইসলাম গংরা জোর করে ভবন নির্মাণ করেছেন। আগে অর্ধেক জায়গা আওয়ামীলীগ দখল করেছিল। এখন বিএনপি ক্ষমতায় আছে, উনারা তো বিএনপিই করে, তাই উনারা মার্কেট নির্মান করেছে।
তিনি আরো বলেন, এটি সরকারি জায়গা, আমরা সাইনবোর্ড দিছিলাম। তবে রাতের আধারে সেটি তুলে ফেলা হয়েছে। বিষয়টি এসিল্যান্ড অফিসে অবগত করেছি।
এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছা. নুর নাহার বেগম বলেন, সরকারি সম্পত্তি ব্যক্তি মালিকানায় দখলের কোনো সুযোগ নেই। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) কে জানাবো। যদি তদন্তে প্রমাণিত হয় সেটি সরকারী জায়গা। তবে দখলদারদের উচ্ছেদ করার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।