যমুনার কথা প্রতিবেদক :
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার হাড্ডিয়াল নওগাঁয় অবস্থিত ঐতিহাসিক শাহ শরিফ জিন্দানি (রহ.) মাজারের দানবাক্সে তিন মাসে জমা পড়েছে ১০ লাখ ১৪ হাজার টাকা। সোমবার দুপুরে দানবাক্স খোলার পর রাত ৯টার দিকে গণনা শেষ হয়। এসময় মাজার পরিচালনা কমিটির সভাপতি ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান, কমিটির সাধারণ সম্পাদক ওমর ফারুকসহ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। গণনা শেষে নিরাপত্তার স্বার্থে পুরো টাকা রাতে তাড়াশ থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছিল।
মঙ্গলবার বিকেলে এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, তিন মাস পর নিয়ম অনুযায়ী দানবাক্সের তালা খুলে টাকা গণনা করা হয়েছে। এতে মোট ১০ লাখ ১৪ হাজার টাকা পাওয়া গেছে। টাকাগুলো নির্ধারিত ব্যাংক হিসাবে আজই জমা রাখা হয়েছে। তিনি আরও বলেন, মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ মাজারের উন্নয়ন ও সংস্কারসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে ব্যয় করা হয়। পাশাপাশি নিয়ম অনুযায়ী বিভিন্ন সময় অসহায় ও দরিদ্র মানুষের জন্য অনুদানও দেওয়া হয়ে থাকে। দানের অর্থ যাতে স্বচ্ছতা ও নিয়মের মধ্যে ব্যবহার করা হয়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হয়।