শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
পুলিশের টহল পিকআপের পাশে যুবলীগের মিছিল, গ্রেপ্তার ৪ রায়গঞ্জের চান্দাইকোনা ঢাকা-রংপুর মহাসড়কে ফ্লাইওভার নির্মাণের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি করায় জরিমানা ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ উঠে এলো একাত্তরের যুদ্ধদিনের কথা জামালপুরের পিংনায় অবৈধ বালুঘাটের ছড়াছড়ি, রাজস্ব হারাচ্ছে সরকার সিরাজগঞ্জে গ্রামীণ নারী দিবসে সমাবেশ ও মেলা অনুষ্ঠিত উল্লাপাড়ায় আশ্রয়ণ প্রকল্পের দখল করা ঘরগুলো নিয়ন্ত্রনে নিল প্রশাসন চাঁদা না পেয়ে মারধর করায় ইউপি সদস্যের সংবাদ সম্মেলন টাঙ্গাইলে ট্রেন লাইনচ্যুত, ৬ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক নারিতায় বিমানে যান্ত্রিক ত্রুটি, প্রধানমন্ত্রীর ফিরতি যাত্রা বিলম্বিত

ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উল্লাপাড়ায় আবারও উচ্ছেদ অভিযান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১.৩৭ পিএম

যমুনার কথা ডেস্ক: সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরে যানজট নিরসন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত করা এবং শহরের সৌন্দর্য ফিরিয়ে আনতে আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৯টা থেকে শহরের গুলিস্তান মোড় থেকে ওভারব্রিজ পর্যন্ত এ অভিযান চালানো হয়। পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলামের দিকনির্দেশনায় এবং পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়ার সার্বিক তত্ত্বাবধানে বুলডোজার ও বেকো মেশিন দিয়ে বিভিন্ন অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, ফুটপাত ও সড়কের বিভিন্ন অংশ দখল করে দোকানপাট বসানোর কারণে শহরে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে শিক্ষার্থী, পথচারী ও কেনাকাটা করতে আসা মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন অনেক নগরবাসী। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগের ফলে শহরে যান চলাচল স্বাভাবিক হবে এবং পথচারীদের চলাচল সহজ হবে।

অভিযান চলাকালে পৌর নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম ভূঁইয়া বলেন, শহরের যানজট নিরসন ও সৌন্দর্যবর্ধনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। ক্ষুদ্র হকারদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁদের পুনর্বাসনের বিষয়ে আলোচনা হয়েছে। বিষয়টি সময়সাপেক্ষ হলেও পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।

শহরের বাসিন্দা মো. রিয়াজুল সরকার বলেন, উচ্ছেদ অভিযানের ফলে শহরের যানজট কমবে, সৌন্দর্য বাড়বে এবং মানুষের চলাচল সহজ হবে বলে তিনি আশা করেন।

তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে জীবিকা হারানোর শঙ্কা দেখা দিয়েছে। ক্ষুদ্র ব্যবসায়ী মো. রবিউল ইসলাম বলেন, এ অভিযানের ফলে হকারদের রুজি-রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরিবার নিয়ে কীভাবে চলবেন, তা নিয়ে তাঁরা দুশ্চিন্তায় রয়েছেন।

শহরকে যানজটমুক্ত ও পরিচ্ছন্ন রাখতে সড়ক-ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয়টিও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উচ্ছেদ অভিযানের সুফল ধরে রাখতে নিয়মিত তদারকি এবং পুনর্বাসনের প্রতিশ্রুতি বাস্তবায়ন এখন পৌর কর্তৃপক্ষের সামনে বড় চ্যালেঞ্জ।

পোস্টটি শেয়ার করুন
এই বিভাগের আরও খবর
কপিরাইট © ২০২৬ | যমুনার কথা