রায়গঞ্জ সংবাদদাতা :
কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠা, শিক্ষার সুযোগ নিশ্চিত করা এবং বাল্যবিয়ে প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে সিরাজগঞ্জের রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এর আগে একটি র্যালি বের করা হয়। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া তিন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. খাদিজা নাসরিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল খালেক পাটোয়ারী।
আলোচনা সভায় বক্তারা বলেন, কন্যাশিশুর বিকাশ ও অধিকার নিশ্চিত করতে পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে সচেতনতা বাড়ানো প্রয়োজন। বাল্যবিয়ে বন্ধের পাশাপাশি তাদের শিক্ষার সুযোগ তৈরি এবং প্রতিভা বিকাশে সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
বক্তারা আরও বলেন, কন্যাশিশুর প্রতি বৈষম্য দূর করে নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার প্রতিষ্ঠা করা জরুরি। উপযুক্ত পরিবেশ ও সুযোগ পেলে কন্যাশিশুরা নিজেদের স্বপ্ন পূরণের পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের অগ্রগতিতে অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।#