রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ৯৩টি পূজামণ্ডপে ৬০২ জন নারী ও পুরুষ আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে দায়িত্বপ্রাপ্ত সদস্যদের আনুষ্ঠানিকভাবে নিজ নিজ পূজামণ্ডপে পাঠানো হয়।
এ সময় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছা. সেলিনা আক্তার দায়িত্ব পালনকালে সদস্যদের করণীয় সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরে তাঁদের মধ্যে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণ করা হয়।
উপজেলা সূত্রে জানা গেছে, চলতি বছর রায়গঞ্জ উপজেলায় ৯৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এসব মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা, পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আনসার-ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।
ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপনে প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সমন্বিতভাবে কাজ করছেন।#