মো. শাহান আলী, শাহজাদপুর প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে রাতের আঁধারে এক কৃষকের লাগানো বিভিন্ন প্রজাতির ৩৫টি গাছ ও চারা ভেঙে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক মোক্তার হোসেন শাহজাদপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের জয়রামপুর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক মোক্তার হোসেন ষাটোর্ধ্ব। তাঁর দুটি পৃথক জমিতে লাগানো ছোট-বড় ৩৫টি গাছ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
কৃষক মোক্তার হোসেন বলেন, গত দুই বছর ধরে সন্তানের মতো যত্ন করে গাছগুলো বড় করে তুলছিলেন তিনি। প্রতিহিংসার কারণে একটি মহল গাছগুলো ভেঙে দিয়ে তাঁর অপূরণীয় ক্ষতি করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
এ বিষয়ে শাহজাদপুর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।